শতকোটি ডলারে জুক্স কিনেছে অ্যামাজন

২৭ জুন, ২০২০ ০৯:১২  
শত কোটি মার্কিন ডলারের বেশি মূল্যে স্বচালিত গাড়ির স্টার্টআপ প্রতিষ্ঠান জুক্সকে নিজেদের পোর্ট ফোলিওতে যুক্ত করছে অ্যামাজন। শুক্রবার ১০২ কোটি ডলারে এই মালিকানা বদল চুক্তিটি চূড়ান্ত হয়েছে বলে খবর দিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। তবে আমাজন এবং জুক্স কতৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিক ভাবে কোনো তথ্য জানাতে রাজি হয়নি। অবশ্য ইতোমধ্যে জুক্সের এক হাজার কর্মী শহরে যাত্রী পরিবহনের জন্য চালকবিহীন গাড়ির প্রোটোটাইপ তৈরি করেছে। তবে এসব গাড়ি দিয়ে আমাজন গ্রাহকদের কাছে পণ্য পরিবহনের স্বচালিত গাড়ি বানাতে জুক্সকে ব্যবহার করবে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। যদিও ইতোমধ্যেই আমাজন এই ধরনের প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। পাইলট ভিত্তিতে প্যাকেজিং রোবট থেকে শুরু করে ফুটপাথে ভ্রমণ করা রোবট এবং এমনকি ড্রোন রোবট এর মাধ্যমে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেয়ার কাজও করেছে। ২০১৮ সালে ৩২০ কোটি মার্কিন ডলার তহবিল জোগাড় করেছিলো জুক্স। লাক্স ক্যাপিটাল, ডিএফজি এবং অ্যাটলাসিয়ান সহ-প্রতিষ্ঠাতা মাইকেল ক্যানন-ব্রুকসও জুক্সে বিনিয়োগকারীদের একজন।